Dawatul Islam | ঘুমানোর আগে কয়েকটি আমল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ

মঙ্গলবার, ২১, এপ্রিল, ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩

ঘুমানোর আগে কয়েকটি আমল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ
০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১১:২৯ মিনিট

(১) ‘তিনকুল’ পড়ে ফুঁ দেওয়া (সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস)
দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতোটা অংশ সম্ভব— মাসেহ করবে। মাসেহ শুরু করবে— মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে (এভাবে ৩ বার করবে)। (সহিহ বুখারি, হাদিস : ৫০১৭)
(২) আয়াতুল কুরসি পড়া
হযরত রসুলে আকরাম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ২৩১১)
(৩) সুরা বাকারার শেষ ২ আয়াত
হযরত রাসুলে কারীম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত (আ-মানার রাসুলু বিমা–) তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে।’ (বুখারি, হাদিস : ৪০০৮)
(৪) সুরা কাফিরুন পাঠ করা
প্রিয় নবী (সা.) বলেছেন, ‘রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সুরা কা-ফিরুন) পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।’ (সহিহ তারগিব, হাদিস : ৬০২)
(৫) ‘কুরআনের এক-তৃতীয়াংশ’ পাঠ
একবার রাসুল (সা.) তার সাহাবাদের বললেন, ‘তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কুররআন পড়তে অসমর্থ হবে?’ এতে সকলকে বিষয়টি ভারী মনে করল। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে— হে আল্লাহর রাসুল!? তখন তিনি বললেন, ‘সুরা ইখলাস হলো- এক-তৃতীয়াংশ কুরআন। (বুখারি, হাদিস : ৫০১৫)
(৬) ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া
হযরত রাসুল (সা.) যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত— তার গালের নীচে রাখতেন, তারপর এ দোয়াটি বলতেন— ﺍﻟﻠَّﻬُﻢَّﺑِﺎﺳْﻤِﻚَﺃَﻣُﻮﺕُﻭَﺃَﺣْﻴَﺎ
উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমু-তু ওয়া আহ্ইয়া
অর্থ : হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হব। (বুখারি, হাদিস : ৬৩২৪)

(৭) তাসবিহের আমল করা
আল্লাহর রাসুল (সা.) তার মেয়ে ও জামাতা ফতেমা (রা.) ও হযরত আলী (রা.)- কে বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু বলে দেবো না— যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ্ এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে; তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।’ (বুখারি, হাদিস : ৩৭০৫)
(৮) সুরা মুলক পাঠ করা
আল্লাহর নবী (সা.) বলেন, ‘যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরা মূলক) পাঠ করবে— এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন।’ ( তিরমিজি, হাদিস : ২৮৯০)
মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করার তাওফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। আমিন। (সংগৃহিত)

সব সংবাদ