Dawatul Islam | রুকানার কুস্তি ও বৃক্ষের আগমন

শনিবার, ০৪, এপ্রিল, ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২

রুকানার কুস্তি ও বৃক্ষের আগমন
২২ সেপ্টেম্বর ২০২২ ১১:২৬ মিনিট

রুকানা ইবন আবদ ইয়ামীদ ইবন হাশিম ইবন মুত্তালিব ইবন আবদ মানাফ ছিল কুরায়শ বংশের সেরা মল্লবীর। একদিন এক পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ সা্ঃ এর সাথে তার সাক্ষাত হয়। রাসূলুল্লাহ সা্ঃ তাকে বললেন, হে রুকানা! তুমি কি আল্লাহকে ভয় করবে না। আর আমি তোমাকে যে দিকে আহবান করছি, তাতে কি সাড়া দেবে না? সে বলল, আমি যদি বিশ্বাস করতাম যে, আপনি যা বলছেন তা সত্য, তাহলে আমি অবশ্যই আপনার অনুসরণ করতাম।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আমি যদি তোমাকে কুস্তিতে পরাজিত করতে পারি, তবে কি তুমি স্বীকার করবে যে, আমার আনীত ধর্ম সত্য? সে বলল, হ্যা, বিশ্বাস করব। তিনি বললেন, তবে প্ৰস্তুত হও। এসো, কুস্তিতে আমি তোমাকে পরাস্ত করি! সে মতে কুস্তি শুরু হল। রাসূলুল্লাহ সা্ঃ তাকে মাটিতে ফেলে এমন জোরে চেপে ধরলেন যে, তার কিছুই করার শক্তি রইল না। রাসূলুল্লাহ্ সা্ঃ তাকে ছেড়ে দিলেন। সে বলল, পুনরায় শক্তি-পরীক্ষা হোক। পুনরায় কুস্তি শুরু হল। এবারও সে পরাস্ত হল। সে বলল, হে মুহাম্মাদ! আল্লাহর কসম, এটা তো পরম বিস্ময়ের কথা যে, আপনি আমাকে পরাজিত করলেন। রাসূলুল্লাহ সা্ঃ বললেন, তুমি যদি আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর, তবে আমি তোমাকে আরো অধিক বিস্ময়কর ঘটনা দেখাতে পারি।

সে জিজ্ঞেস করল, সেটি কি? তিনি বললেন, ওই যে দূরে বৃক্ষ দেখছ, আমি সেটিকে ডাকলে সেটি আমার নিকট এসে পৌঁছবে। রুকানা বলল, তবে সেটিকে ডাকুন। তিনি বৃক্ষটিকে ডাকলেন। সেটি এগিয়ে এল এবং রাসূলুল্লাহ সা্ঃ এর সম্মুখে দাঁড়িয়ে গেল। এবার তিনি সেটিকে নিজের জায়গায় ফিরে যেতে নির্দেশ দিলেন। সেটি স্বস্থানে ফিরে গেল। বর্ণনাকারী বলেন, এরপর রুকানা তার সম্প্রদায়ের নিকট গিয়ে বলল, হে বনু আবদ মানাফ! তোমাদের এই লোককে নিয়ে তোমরা বিশ্ববাসীকে জাদু প্ৰতিযোগিতায় চ্যালেঞ্জ করতে পারো। আল্লাহর কসম, তার চাইতে বড় জাদুকর আমি কখনো দেখিনি। সে যা দেখেছে এবং রাসূলুল্লাহ সা্ঃ যা করেছেন তার সবই সে তাদেরকে জানাল। ইবন ইসহাক এ ঘটনা মুরসালভাবে এরূপই বর্ণনা করেছেন।

ইমাম আবু দাউদ ও তিরমিয়ী (র:) আবুল হাসান আসকালানীর সনদে রুকানা সূত্রে বর্ণনা করেন যে, রুকানা একদিন রাসূলুল্লাহ সা্ঃ এর সাথে কুস্তি লড়েছিল। কুস্তি লড়াইয়ে রাসূলুল্লাহ সা্ঃ তাকে পরাজিত করেন। এরপর ইমাম তিরমিয়ী বলেছেন, এটি একটি গরীব তথা একক বর্ণনাকারীর বর্ণনা। তিনি এও বলেছেন যে, আমরা আবুল হাসানকে চিনি না। আমি বলি, আবু বকর শাফিঈ উত্তম সনদে হযরত ইবন আব্বাস (রা:) থেকে বর্ণনা করেছেন যে, ইয়াযীদ ইবন রুকানা একে একে তিনবার রাসূলুল্লাহ সা্ঃ এর সাথে কুস্তি লড়েছিল এবং তিনবারই তিনি তাকে পরাস্ত করেছিলেন। অবশ্য প্রতিবারের পরাজয়ের জন্যে ১০০ করে বকরী প্ৰদানের শর্ত ছিল। তৃতীয়বারে সে বলেছিল, হে মুহাম্মদ! আপনার পূর্বে অন্য কেউ কোনদিন আমার পিঠ মাটিতে ঠেকাতে পারেনি। আর আমার নিকট আপনার চাইতে ঘূণতের কেউ ছিল না। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সা্ঃ উঠে দাঁড়ালেন এবং তার বকরীগুলো ফেরত দিয়ে দিলেন।

ইতোপূর্বে আবু আশাদায়ন থেকে বর্ণিত হয়েছে যে, সে রাসূলুল্লাহ সা্ঃ এর সাথে কুস্তি লড়েছিল। তাতে রাসূলুল্লাহ সা্ঃ তাকে পরাজিত করেছিলেন। এরপর ঐতিহাসিক ইবন ইসহাক আবিসিনিয়া থেকে খৃস্টানদের আগমনের ঘটনা উল্লেখ করেছেন। আগমনকারী খৃস্টানদের সংখ্যা ছিল প্রায় বিশজন। তারা মক্কায় এসেছিল এবং তাদের সকলেই ইসলাম গ্রহণ করেছিল। নাজাশীর আলোচনার পর এই ঘটনা উল্লেখ করা হয়েছে।

সব সংবাদ